‘থ্যাঙ্ক ইউ’ বলায় এনা সাহাকে প্রসেনজিতের ধমক
- আপডেট সময় ০২:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 24
টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায় ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ’ বলার বদলে বাংলায় কথা বলার পরামর্শ পেয়েছেন অভিনেত্রী ও ‘ডাক্তার কাকু’ সিনেমার প্রযোজক এনা সাহা। সিনেমাটির হল ভিজিটের সময়ের সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমাটি কয়েক বছর আগে নির্মাণ করা হলেও নানা জটিলতায় মুক্তি পেতে দেরি হয়। সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন অভিনয় করেছেন। পাশাপাশি এনা সাহা ও রজতাভ দত্ত রয়েছেন। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি।
সিনেমাটির প্রযোজনায় রয়েছেন এনা সাহা। অভিনয়েও তাকে প্রসেনজিতের সহকর্মীর চরিত্রে দেখা গেছে। শুটিং ও অন্যান্য কাজে জুনিয়র সহকর্মীদের সঙ্গে প্রসেনজিতের স্নেহপূর্ণ আচরণের কথা তুলে ধরা হলেও তাদের ভুলত্রুটি হলে তিনি তা ধরিয়ে দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ‘ডাক্তার কাকু’র হল ভিজিটের সময় দর্শকদের সঙ্গে কথা বলছিলেন এনা। একপর্যায়ে তিনি ইংরেজিতে কথা বলে ‘থ্যাঙ্ক ইউ’ জানান। তখন পাশ থেকে প্রসেনজিৎ তাকে বলেন, ‘বাংলা সিনেমা, বাংলায় কথা বলো।’
প্রসেনজিতের কথায় এনা কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের ভুল স্বীকার করেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘সরি! থ্যাঙ্ক ইউ নয়, অনেক ধন্যবাদ।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রসেনজিতের ওই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশ বাংলা ভাষায় কথা বলার বিষয়ে তার বক্তব্যের প্রশংসা করেছেন।
























