ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 35
দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের সময়ে অন্য সবকিছুর পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই মূল কারিগর।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। তবে সামনের দিনগুলোতে এ কার্যক্রমের নেতৃত্ব দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের।
এ সময় শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মিলনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

























