শেরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মাহুতি, মিলল মায়ের উদ্দেশ্যে লেখা চিরকুট
- আপডেট সময় ১২:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 46
শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মায়ের উদ্দেশে লেখা একটি চিরকুটও জব্দ করা হয়েছে।
পরিবারের ভাষ্য, ওই শিক্ষার্থীর বিয়ের জন্য সম্প্রতি একটি প্রস্তাব আসে। তবে এতে পরিবারের পক্ষ থেকে আপত্তি ছিল। এ নিয়ে পরিবারের সঙ্গে তার কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। পরিবারের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার সম্পর্কও ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানোর পর ওই শিক্ষার্থীর মা তিন মেয়েকে নিয়ে আন্ধারুপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিন বোনের মধ্যে ওই শিক্ষার্থী ছিল দ্বিতীয়।
শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়।
চিরকুটে মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের আবেগ, পারিবারিক পরিস্থিতি ও পছন্দের মানুষকে নিয়ে নানা কথা লিখেছে ওই শিক্ষার্থী। সেখানে পরিবারের অমতে অন্যত্র বিয়ের আলোচনা নিয়ে তার কষ্টের কথাও উঠে এসেছে। একই সঙ্গে ওই যুবককে কোনো ঘটনার জন্য দায়ী না করার অনুরোধ জানানো হয়েছে বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।























