ধর্ষণের অভিযোগে বাবা আটক
- আপডেট সময় ০৮:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 44
পিরোজপুরের নাজিরপুরে নিজের ১২ বছরের মেয়েকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অহিদুল মোল্লাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। তার প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা যান। ওই সংসারে দুই ছেলে ও ১২ বছর বয়সী এক মেয়ে রয়েছে। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিশুর অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তার বাবা প্রায় ছয় মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। দুই মাস আগে বিষয়টি দাদিকে জানালেও তাকে কাউকে বলতে নিষেধ করা হয়। পরে সোমবার সকালে নির্যাতনের কথা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জানায় শিশুটি।
পরে অহিদুল বাড়িতে ফিরলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























