আপিল খারিজ, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি আশরাফ হাকিমি
- আপডেট সময় ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 22
মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটি খারিজের শেষ আইনি চেষ্টাও ব্যর্থ হয়েছে। ফ্রান্সের সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’ তাঁর আপিল খারিজ করে দেওয়ায় এখন মামলাটির বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ২৭ বছর বয়সী হাকিমির আপিল খারিজের ফলে মামলাটি আর বাতিল করার আইনি সুযোগ থাকল না। প্যারিসের পশ্চিমে ও-দ্য-সেন বিভাগের একটি অপরাধ আদালতে মামলাটির বিচার হবে। বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে আগামী বছর শুনানি শুরু হতে পারে।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত। অভিযোগকারী তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হাকিমির যোগাযোগ হয়েছিল। পরে ওই তরুণী তাঁর বাসায় যান এবং সেখানে ধর্ষণের অভিযোগ তোলেন।
ঘটনার পাঁচ দিন পর হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন মরক্কোর এই ফুটবলার।
মামলাটি বাতিলের জন্য হাকিমির আইনজীবীরা আইনি পদক্ষেপ নেন। গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদন খারিজ করে দেন। এরপর উচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এর দ্বারস্থ হন হাকিমি। সম্প্রতি সেই আপিলও খারিজ হয়ে যাওয়ায় এখন নিম্ন আদালতেই মামলাটির বিচারপ্রক্রিয়া এগোবে।























