নতুন প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৭:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 6
আগামীর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দেশ আরও এগিয়ে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের তরুণদের সাফল্য দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সোমবার, ২৭ জুলাই বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে নানা ধরনের সমস্যা থাকলেও এগিয়ে যাওয়ার বিকল্প নেই। তার মতে, নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এজন্য খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তরুণরা ভবিষ্যতে যে পেশাতেই যেতে চাইবে, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং দেশের সম্পদ রক্ষায়ও নতুন প্রজন্মকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সংবাদকে গুরুত্ব দিয়ে প্রচারের অনুরোধ জানান। তিনি বলেন, এই আয়োজনের অংশগ্রহণকারী শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তাদের অর্জন ও সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তার মতে, নতুন প্রজন্মের বিকাশের মধ্য দিয়েই দেশের সম্ভাবনা আরও দৃশ্যমান হবে।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি মাঠের পাশে বসে বালিকাদের ফুটবল ফাইনাল উপভোগ করেন এবং ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী সরাসরি গ্যালারিতে না গিয়ে মাঠে নেমে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গ্যালারিতে থাকা অনেক শিশু তার সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।






















