সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 34
সীমান্তের এপারে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁর জানা নেই। তবে বাংলাদেশের ভেতরে কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত। কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙেছে।
আহতদের অনেকেই ইতোমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে। তাঁদের মধ্যে কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে। আহত সদস্যদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরির শুরু থেকেই পুলিশের সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। তবে তাঁরা মজলুম ভাই-বোনদের ওপর আঘাত করেননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁর বার্তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত থাকেন। তাঁদের দায়িত্বই হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমন বিষয় বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও কারও কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ঘোষণায় সন্তুষ্ট এবং তাঁরা ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তাঁরা শৃঙ্খলাও বজায় রেখেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে তাঁরা সফল হবেন না বলে মনে করেন তিনি।
সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, সেখান থেকে কিছু ব্যক্তি দেশের দুই-একটি স্থানে মিছিল করেছেন বলে তিনি শুনেছেন। তবে ঘটনাগুলো বিচ্ছিন্ন।























