শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 24
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। এসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
সংশ্লিষ্টরা জানান, ‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মাধ্যমে শিশুরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।





















