মানিকগঞ্জে মেরামতের জন্য রাখা বাসে আগুন
- আপডেট সময় ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 22
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসমালিকের দাবি, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকার ‘মা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে’ এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ‘পল্লী সেবা’ পরিবহনের মিনিবাসটির মালিক মোহাম্মদ আনিস। তাঁর বাড়ি মানিকগঞ্জের লওখণ্ডা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর সন্ধ্যায় মেরামতের জন্য বাসটি ওয়ার্কশপে নিয়ে আসেন আনিস। এরপর থেকে সেটি সেখানেই রাখা ছিল। শুক্রবার ভোরে ওয়ার্কশপের কর্মচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
বাসমালিক মোহাম্মদ আনিস বলেন, ‘আমাদের গাড়ি নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় আছি। বিভিন্ন জায়গায় এভাবে আগুন দেওয়া হচ্ছে। এমন চলতে থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে, আমি তাদের বিচার চাই।’
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে বাসটির প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























