ভারতের মিত্র রাশিয়ার সঙ্গে মহাকাশ সহযোগিতায় যাচ্ছে পাকিস্তান
- আপডেট সময় ০২:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 27
রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামাবাদকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার এমন অবস্থানে ভারতের জন্য নতুন কূটনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৫ নভেম্বর রাশিয়ার সংবাদ সংস্থা তাস রুশ-পাকিস্তান সম্পর্কের নতুন এই সমীকরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবীর রিমোট সেন্সিং, মহাকাশচারীদের মহাকাশযাত্রা এবং জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করতে পারে রাশিয়া।
রাশিয়া ও পাকিস্তানের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহসভাপতি এবং রুশ জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ এ বিষয়ে মস্কোর অবস্থান জানিয়েছেন।
তার বক্তব্য অনুযায়ী, মহাকাশ গবেষণায় রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান শক্তি। এ খাতে দেশটির সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাশিয়ার আপত্তি নেই।
সম্প্রতি মস্কোয় রাশিয়া-পাকিস্তান আন্তঃসরকারি কমিশনের একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সের্গেই সিভিলিওভের পাশাপাশি পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রী অংশ নেন। বৈঠক শেষে পাকিস্তানের সঙ্গে মহাকাশভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি ঘোষণা করেন রুশ মন্ত্রী। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
কৃত্রিম উপগ্রহের সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর কক্ষপথে দেশটির পাঠানো উপগ্রহের সংখ্যা ৩৭২টি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মতো রাশিয়ার নিজস্ব দিকনির্ণয় ব্যবস্থা ‘গ্লোনাস’ রয়েছে। পাশাপাশি সামরিক নজরদারির জন্য গোয়েন্দা উপগ্রহও ব্যবহার করে দেশটি।
সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে তিন ধরনের উপগ্রহভিত্তিক সহযোগিতা পেতে পারে পাকিস্তান। এর মধ্যে প্রথমটি হলো গ্লোনাস প্রযুক্তি। এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অবস্থান নির্ণয় এবং সেগুলোকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালনায় সহায়তা করে। প্রযুক্তিটি পেলে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে পাকিস্তান সুবিধা পেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
দ্বিতীয়ত, বর্তমানে চীনের সহযোগিতায় একের পর এক উপগ্রহ উৎক্ষেপণ করছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে পৃথিবী পর্যবেক্ষণ বা ‘আর্থ অবজারভেটরি স্যাটেলাইট’। সাবেক সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা পেলে ভবিষ্যতে আরও উন্নত নজরদারি উপগ্রহ তৈরি করতে সক্ষম হতে পারে ইসলামাবাদ। এতে ভারতের সামরিক ও কৌশলগত কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়তে পারে।
এ ছাড়া রাশিয়া নিজেদের গোয়েন্দা উপগ্রহ থেকে পাওয়া তথ্য সরাসরি পাকিস্তানের সঙ্গে ভাগাভাগি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে চীন উপগ্রহের মাধ্যমে ভারতের ওপর নজরদারি চালায় এবং বিভিন্ন সময়ে সেই তথ্য পাকিস্তানকে সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। এর উদাহরণ হিসেবে ২০২৫ সালের ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করা হয়েছে।























