প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার
- আপডেট সময় ০১:৩৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 17
টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামের এক চীনা নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। নিখোঁজের সাত দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার চেন ইয়ংকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ থেকে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। নিখোঁজ থাকার সাত দিন পর ২৪ নভেম্বর রাতে কিশোরীটি তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
কিশোরীর কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান অভিযুক্ত এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, ছাত্রী নিখোঁজের জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্তে নামে। পরে বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















