কক্সবাজারে বাসের চাপা পড়ে নিহত ৫
- আপডেট সময় ১০:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 18
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানাধীন ফকিরাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন— চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। এক নারীসহ বাকি তিনজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই এর তিন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদেরও মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন নারীসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহত বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।






















