ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: ঐক্যর ডাক প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০১:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 20
দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত করতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ আর কোনো তাঁবেদার শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তারেক রহমান বলেন, ‘আজ আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের চলমান পরিস্থিতি, পোশাকশিল্পে অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। গণতন্ত্র ও সমৃদ্ধি পরস্পরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র সমৃদ্ধির পথ সুগম করে, অন্যদিকে সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করে।
সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির প্রচেষ্টাকে পরাজিত ও পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, একইভাবে গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা করছে।
এই শিল্পের সুবিধা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে কি না, তা বিবেচনায় নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন বলেও জানান তিনি।
সরকার ও মালিকপক্ষ বেতন পরিশোধে আন্তরিক বলে উল্লেখ করে তারেক রহমান শ্রমিকদের কারও উসকানিতে কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ না করার আহ্বান জানান। কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের বেতন কোথা থেকে আসবে, সেই প্রশ্ন তুলে তিনি কর্মস্থল সুরক্ষিত রাখার অনুরোধ করেন।
পলাতক চক্র দেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছে উল্লেখ করে শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংসদে বিরোধী দলের একজন সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টা বিরোধী দলের বক্তব্যেই উঠে এসেছে। এটি প্রমাণ করে, সরকার দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।
পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—প্রবাদটি আবারও প্রমাণিত হয়েছে। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও দলটির আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে-বিদেশে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। বিষয়টি দেশবাসী জানতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি।
এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও অভিযোগ করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কারও বশ্যতা স্বীকার করার জন্য তারা স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।
পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকানো এবং তাঁবেদারি রুখতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার দেওয়া তিন দশক আগের ঐতিহাসিক স্লোগান পুনরায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ অধিবেশনের শেষ শপথ হিসেবে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।
বক্তব্যের শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা এবং সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
























