কনুইয়ের চোটে ওভার শেষ না করেই মাঠ ছাড়লেন হাসান মাহমুদ
- আপডেট সময় ০৩:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 30
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই কনুইয়ের চোট নিয়ে ওভারের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদকে। প্রথম ইনিংসে লিড নেওয়ার আশায় থাকা বাংলাদেশের জন্য এটি বড় ধাক্কা।
দিনটি তিনি শুরু করেছিলেন কনুইয়ে স্ট্র্যাপ লাগিয়ে। দিনের তৃতীয় ওভার করতে এসে প্রথম চার বল ঠিকঠাক করেন হাসান। এরপরই বিপত্তি ঘটে। মাঝপথে ফিজিওকে ডাকতে হয় এবং কিছুক্ষণ তাঁর পরিচর্যা করা হয়। তবে তাতে কাজ হয়নি। বাকি দুটি ডেলিভারি না করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ওই ওভারের বাকি বল করতে ডাক পড়ে মেহেদী হাসান মিরাজের, যিনি আগের দিন ১৬ ওভারে ১০১ রান দিয়েছিলেন।
আগের দিনও হাসানকে ঘিরে ইনজুরি-শঙ্কা তৈরি হয়েছিল। দিনের ১৫তম ওভারে মার্কেস অ্যাকারম্যানের একটি শট এসে লাগে তাঁর কপালে। পরে কনকাশন চেকের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়। অল্প সময় পরই তিনি বোলিংয়ে ফেরেন।
গতকাল দিনের শুরুতে এইডেন মার্করামকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন হাসান। এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যান ও ম্যাথিউ ব্রিটজকেকেও ফেরান তিনি। দিনের সবচেয়ে সফল বোলারও ছিলেন হাসান।
হাসান ছাড়া বাকি বোলাররা গতকাল ব্যর্থ হয়েছেন। তাসকিন আহমেদ ১৫ ওভার বল করে উইকেট পাননি। মিরাজ ১৬ ওভারে দিয়েছেন ১০১ রান। এবাদত হোসেন ৭ ওভারে রান দিয়েছেন ৩৬।
মূলত হাসানের হাত ধরেই লিডের ক্ষীণ আশা দেখছিল বাংলাদেশ। চোট নিয়ে তাঁর মাঠ ছাড়ায় সেই আশায় বড় ধাক্কা লাগল।

























