গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে এমপি মিতুকে হত্যার হুমকি
- আপডেট সময় ০৭:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 24
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহমুদা মিতু। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। সেগুলোর মধ্যে ভারতীয় একটি নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে পাঠানো বার্তাও রয়েছে।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে মেজাজও হারান।
তিনি লেখেন, শত শত শহীদের রক্ত, আহতদের আত্মত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের মধ্য দিয়ে এই সংসদের ভিত্তি তৈরি হয়েছে। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই ‘তুই-তুকারি’ করা হচ্ছে এবং ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। কথায় জবাব দিতে না পারলেই এ ধরনের আক্রমণ করা হয় বলে মন্তব্য করেন তিনি।
মাহমুদা মিতু আরও লেখেন, হান্নানকে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করার সময় তিনি প্রতিবাদ করেছিলেন। তখন চিৎকার করে বলছিলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তো তাদের সঙ্গেই ঘটে। আঁতাত করে চলা ব্যক্তিরা কীভাবে বুঝবেন, বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত জেনেও রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন হয়।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও এমন হুমকি পেয়েছেন। বিষয়টি প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতোই তা হালকাভাবে দেখার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
লরেন্স বিষ্ণোই ভারতের একটি কুখ্যাত অপরাধী চক্রের প্রধান। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে। হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলায় তার নাম রয়েছে। বলিউড তারকাদের হুমকি দেওয়ার বিভিন্ন ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
তবে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে ওই গ্যাংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।





















