সেচ সুবিধা বাড়াতে দেশজুড়ে প্রকল্প নিয়েছে সরকার: ফরহাদ
- আপডেট সময় ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 24
কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বাড়ানো এবং কৃষিকে লাভজনক করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দারারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় ৮.৯৩০ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাস বা পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং ফসলি জমির উৎপাদন বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি আশা প্রকাশ করেন, উদ্বোধন করা প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন হবে এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়বে। এতে ওই এলাকার কৃষি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুন্ডু, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে দারারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় ৮.৯৩০ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাস এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসনের কাজ উদ্বোধন করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেল ঘিরে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউজ ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপন।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
























