নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
- আপডেট সময় ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 30
নেত্রকোনার মদনে আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে জন্ম নেওয়া নবজাতকের দায়িত্বভার সরকার গ্রহণ করেছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চান। আদালত সে আবেদন নাকচ করে দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ আছে। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন। মামলা দায়েরের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দা তৈরি হয়।
ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র্যাব-১৪। গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। মামলার বিবরণ অনুযায়ী, ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

























