জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক
- আপডেট সময় ০২:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 20
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের দ্বিতীয় ফটক সংলগ্ন বাস পার্কিং স্থানে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পর জড়িত সন্দেহে রেজওয়ান আহমেদ নামে এক শিক্ষার্থীকে ধরে আনেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
আটককৃত রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি জবি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দ্বিতীয় ফটক এলাকা। শব্দ শোনার পরই সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পার্কিং করে রাখা দুটি বাসের মাঝের ফাঁকা স্থানে বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সাথে সাথেই ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি উপস্থিতরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, “ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিল এবং আমি ক্যাম্পাসে ছিলাম না। তবে দ্বিতীয় ফটকে ককটেল বিস্ফোরণের বিষয়টি অবগত হয়েছি। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।”
ছাত্রদলের হাতে এক শিক্ষার্থী আটকের বিষয়ে তিনি আরও বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়ায় রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করছে।

























