আ. লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৪:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 18
স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম-নির্যাতন করেছে এবং এরপরও ক্ষমা চায়নি ও অনুশোচনা করেনি, সেই দলকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসার মাহফিলে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম-খুন করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা এবং মসজিদ রক্তাক্ত করার অভিযোগও তিনি তোলেন। তাঁর ভাষ্য, এসব কারণে দলটি এ দেশে আর রাজনীতি করতে পারবে না।
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে দ্বিমত ও দ্বিধা-বিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এ দেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেওয়া হবে না।’
সাম্প্রতিক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। তাঁর দাবি, একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চাইছে।
ওই শক্তির সমালোচনা করে তিনি বলেন, তারা ইসলামের কথা বলে রাজনীতি করে, কিন্তু শরিয়াহ আইন চায় না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই এবং শরিয়াভিত্তিক মূল্যবোধও নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ ইসলামি মূল্যবোধের যেসব অংশ বাদ দিয়েছিল, সেগুলো সংবিধানে সংযোজন করা হবে। এমনকি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহও পুনরায় স্থাপন করা হবে বলে তিনি জানান।
























