ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- আপডেট সময় ০২:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 23
ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ তীর্থযাত্রী ও এক পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাজ্যটির চামোলি জেলার জোশিমঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
কর্মকর্তারা জানান, শুক্রবার বিকেলে হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান বদরিনাথ থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোশিমঠের কাছের একটি গ্রামের পাশে সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় ভারি বৃষ্টিপাত ও কম দৃশ্যমানতার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার আগে ভারতের আবহাওয়া বিভাগ ওই এলাকায় কমলা সতর্কতা জারি করেছিল। সতর্কবার্তায় বজ্রঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কার কথা জানানো হয়।
উত্তরাখণ্ড ভারতের উত্তরাঞ্চলের হিমালয় এলাকায় অবস্থিত একটি রাজ্য। চীন ও নেপাল সীমান্তবর্তী এই অঞ্চলে হিন্দুধর্মের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে। প্রতিবছর এসব স্থানে লাখ লাখ তীর্থযাত্রীর সমাগম ঘটে।
বদরিনাথ হিন্দুদের চারধাম তীর্থযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এ যাত্রার অন্য তিনটি তীর্থস্থান হলো কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। দুর্গম পাহাড়ি উপত্যকা পেরিয়ে এসব মন্দিরে যেতে হয়। শীতকালে প্রতিকূল আবহাওয়ার কারণে বছরের নির্দিষ্ট সময়েই মন্দিরগুলো দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, চামোলি জেলার জোশিমঠের কাছের একটি গ্রামের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমকে ছয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্গম পাহাড়ি পথ এড়িয়ে দ্রুত তীর্থস্থানে পৌঁছাতে হেলিকপ্টার পরিষেবার ওপর নির্ভরতা বাড়ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক দুর্ঘটনায় এসব পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে ২০২৫ সালের জুনে কেদারনাথের কাছে তীর্থযাত্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। ২০২২ সালের অক্টোবরে একই তীর্থযাত্রার পথে আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাতজন।
এ ছাড়া ২০২৫ সালের তীর্থযাত্রার মৌসুমে আরও কয়েকটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনার পর ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা যাচাই জোরদার করে এবং কয়েকটি হেলিকপ্টারের চলাচলে বিধিনিষেধ আরোপ করে।























