পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় ০৬:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 26
ইরানের সঙ্গে ভারতের সম্ভাব্য বাণিজ্য চুক্তির খবর নাকচ করে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কিরগিজস্তানের বিশকেকে ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ মন্তব্য করেন।
রুবিও একই সঙ্গে বিভিন্ন দেশকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে তেহরানকে সহায়তা না করার সতর্কবার্তা দিয়েছেন। তাঁর ভাষ্য, কোনো দেশ ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করলে সেই দেশও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মোদি ও পেজেশকিয়ানের বৈঠকের পর ভারত ও ইরান একটি বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই রুবিও এমন মন্তব্য করেন।
‘দ্য ব্রায়ান কিলমিড শো’কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি রয়েছে।’
তবে দেশগুলো নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখে—এ বিষয়টি স্বীকার করেন রুবিও। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই ইরানি সরকারের সঙ্গে আলোচনা করে।
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রও ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক ও আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন দেশ নিজেদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে এবং সেই নীতির অংশ হিসেবেই অনেক দেশ তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে।
তবে ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানের কথাই স্পষ্ট করেছেন মার্কো রুবিও।
























