চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিওতে নিষেধাজ্ঞা
- আপডেট সময় ০৯:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 21
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা এবং সংরক্ষিত ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ ও সেগুলো প্রচার না করার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, আন্তর্জাতিক জাহাজ ও বন্দর সুবিধা সংক্রান্ত নিরাপত্তা (আইএসপিএস) বিধিমালা অনুসরণ করে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে। পাশাপাশি বন্দরটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে বিবেচিত।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংরক্ষিত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনেই অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ এবং তা প্রচারের বিষয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

























