নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
- আপডেট সময় ১২:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 21
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমানটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনায় থাকা সবাই নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, বিমানটিতে থাকা ৩২ জনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতদের স্বজনদের প্রতি গভীর শোকও জানিয়েছেন তিনি।
বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো এক বিবৃতিতে জানান, বিমানটি নাইজেরিয়ার লাগোসের উদ্দেশে যাচ্ছিল। ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় সেটি বিধ্বস্ত হয়।
কিয়ামো বলেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, এডো রাজ্য থেকে লাগোস যাওয়ার পথে মাঝামাঝি কোনো একটি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
পরে একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয় বলে জানান তিনি।
নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ‘এটিআর-৪২’ মডেলের। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা নৌকায় করে দুর্ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছেন। এ সময় নদীর তীরে স্থানীয়দের একটি ছোট দলও জড়ো হয়।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি কয়েকটি গাছপালা অতিক্রম করে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে মানুষের দেহাংশ, কাপড় ও জুতা পড়ে থাকতে দেখেছেন বলেও দাবি করেন তিনি।
সূত্র: ডয়চে ভেলে






















