ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় ১০:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 60
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ইতোমধ্যে রাজধানী অতিক্রম করছে। ফেনীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তার মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ কারণে ফেনীর স্থানীয় নেতাকর্মীদের কাছে এখনো বিশেষভাবে স্মরণীয় খালেদা জিয়া।
সফরকালে প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় যাবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা দেওয়ার কর্মসূচি রয়েছে।





















