লাল কার্ডে ১০ জন চেক, জিতল ইংল্যান্ড
- আপডেট সময় ০৯:০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 56
উয়েফা নেশন্স লিগে লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়া চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রাগের ফর্তুনা অ্যারেনায় লিগ ‘এ’-এর গ্রুপ ‘সি’র ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম সুযোগটি তৈরি করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। পাভেল সুলচের জোরালো শট অবশ্য ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড ঠেকিয়ে দেন। পরে পাল্টা আক্রমণে ইংল্যান্ডের মরগান রজার্সের শট ডান পোস্টে লেগে ফিরে আসে।
২৩ মিনিটে বড় ধাক্কা খায় চেক প্রজাতন্ত্র। ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের ওপর ফাউলের ঘটনায় ভিএআরের পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় চেক মিডফিল্ডার পাভেল সুলচকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে এরপর আক্রমণের চাপ বাড়ায় ইংল্যান্ড। প্রথমার্ধে হ্যারি কেইনের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক মাতেই কোভার। তবে বিরতির পর আর বেশিক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে।
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোলের পর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ চালাতে থাকে সফরকারীরা।
৬৯ মিনিটে হ্যারি কেইনের শট ঠেকাতে ব্যর্থ হন কোভার। তাতে ইংল্যান্ডের ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় চেক প্রজাতন্ত্র।
স্বাগতিকদের হয়ে আদাম হ্লোজেকের একটি প্রচেষ্টা রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক ট্র্যাফোর্ড। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে, দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় তালিকার তলানিতে রয়েছে চেক প্রজাতন্ত্র।
















