ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় ১২:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 27
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে গুরুতর আহত দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে আহত হওয়ার পর তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো—আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার বিকেলে রোহান ও আরাফাত বাড়ির বাইরে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পায়। পরে পাটখড়ি দিয়ে বাসাটিতে খোঁচা দিলে ভিমরুলের দল তাদের ওপর আক্রমণ করে।
ভিমরুলের কামড়ে দুই শিশু গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে দুজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় গয়েশবাড়ী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।











