চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন
- আপডেট সময় ০৬:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 22
দেশের অর্থনীতির পুনরুত্থান ও উন্নয়নে চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে চীনের সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য কমরেড ঝাও জুনমিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, চীনের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত সুবিধা এবং বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগানো গেলে দেশের অর্থনৈতিক পুনরুত্থান আরও দ্রুত করা সম্ভব।
বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে স্বপন বলেন, বাংলাদেশ প্রতি বছর চীন থেকে ২২ বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করলেও চীনে বাংলাদেশের রপ্তানি এক বিলিয়ন ডলারেরও কম। এই ঘাটতি কমাতে চীন বাংলাদেশি পণ্যে প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি কুনমিংয়ে বিনামূল্যে একটি প্রদর্শন কেন্দ্র ও দুই হাজার বর্গকিলোমিটার স্টোরেজ সুবিধা বরাদ্দ দিয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কুনমিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত সড়ক যোগাযোগের মাধ্যমে নতুন অর্থনৈতিক করিডোর চালু হলে বাংলাদেশ ও চীনের বাণিজ্য ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
আগামী ৩ অক্টোবর দায়িত্বের মেয়াদ শেষ করে বাংলাদেশ ছাড়তে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কূটনৈতিক অবদানেরও প্রশংসা করেন জহির উদ্দিন স্বপন। ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ জানান তিনি।

























