কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া
- আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 33
জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বাসভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রয়োজন ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় কিলোমিটারে ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে বাসভাড়া বাড়বে ১৭ পয়সা।
তিনি বলেন, মালিকপক্ষ বিআরটিএর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চুক্তি করবে। মহানগর কিংবা জেলা—সব ধরনের রুটেই নির্ধারিত হারের চেয়ে কিলোমিটারে ৩ পয়সা কম নেওয়া হবে। মঙ্গলবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
ভাড়া এক পয়সা বাড়লেও তা যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করে উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কোনো মালিক বাড়তি ভাড়া নিলে মালিক সমিতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে প্রশাসনিক ও সাংগঠনিক—দুইভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়। এবার নতুন করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এই হার ছিল ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে বিভিন্ন রুটে নন-এসি বাসের আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামিয়ে যাত্রীদের জন্য তুলনামূলক আরামদায়ক করার ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
নতুন করে কিলোমিটার প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া সে অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে।

























