পুরো দেশটা উড়িয়ে দেব কি না? আর দিলে কখন দেব?
- আপডেট সময় ০২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 18
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে এমন আলোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “তিনি পুরো দেশটি উড়িয়ে দেয়ার কথা ভাবছেন।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি ইরানকে অর্থনৈতিকভাবে পঁচে যেতে দিতে পারেন। ট্রাম্প ফক্স নিউজকে বলেন,“তিনি এখন সিদ্ধান্ত নেয়ার মুডে রয়েছেন এবং অদূর ভবিষ্যতে খুব বড় কিছু ঘটতে যাচ্ছে।”
তিনি বলেন, তার বিকল্পগুলো হলো ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া, তাদের অর্থনৈতিকভাবে পচে যেতে দেয়া অথবা একটি চুক্তি করা। তিনি আরও বলেন, “আমার প্রশ্ন হলো, আমি পুরো দেশটা উড়িয়ে দেব কি না, আর দিলে কখন দেব?”
এর মধ্য দিয়ে প্রেসিডেন্টের আরও আগ্রাসী বক্তব্যে ফিরে আসার বিষয়টি সামনে এলো। কারণ তেহরানের সঙ্গে শান্তিচুক্তি করা বা চূড়ান্ত বিজয় অর্জন, কোনোটিই এখনো তার নাগালের মধ্যে আসেনি।
এদিকে রোববার ইরান জানিয়েছে, তারা সম্ভাব্য বিমান হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে। সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে লড়াইয়ের মধ্যে এই সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
এর আগে ট্রাম্প ইরানে বোমা হামলা চালিয়ে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে দেয়ার কথা বলেছেন এবং মে মাসে ঘোষণা করেছিলেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরিয়ে আনা যাবে না।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্টকে সতর্ক করেছেন বলে খবর পাওয়া গেছে যে, যুদ্ধটি তার মেয়াদের পুরো সময় ধরে চলতে পারে। তার বর্তমান মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা। তবে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে এ ধরনের হুমকি বিক্ষিপ্তভাবেই এসেছে।
ইরানের সামরিক কমান্ড রোববার জানিয়েছে, তারা এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আবার সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে। ইরান সরকার এর জবাবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি, স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানোর হুমকি দিয়েছে।





















