ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে বাসে আগুন
- আপডেট সময় ১২:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 64
রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের পর কাফরুলে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর মালিবাগ, যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁও এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে যাত্রাবাড়ীতে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ও পুলিশ বক্সের আশপাশে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মহাখালী ও আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকাতেও পৃথক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
রাজধানীর বিভিন্ন স্থানে এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

























