স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে: এ্যানি
- আপডেট সময় ০৩:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 48
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দল-মতনির্বিশেষে সবাই এসব উদ্যোগে সহযোগিতা করলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন। মাছের পোনা অবমুক্ত করাও এসব কর্মসূচির অংশ।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল পুনঃখননসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও পরিবেশকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ উল্লেখ করে এ্যানি বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আগে প্রচুর কচুরিপানা থাকলেও এখন তা অপসারণের ফলে পানির প্রবাহ স্বাভাবিক রয়েছে। খালে মাছের পোনা অবমুক্ত করাও একটি সামাজিক উদ্যোগ।
এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অনেকে উপস্থিত ছিলেন।























