চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার
- আপডেট সময় ০১:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 21
চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চীনের হাইকোতে বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬ হাইকো কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব অগ্রাধিকার তুলে ধরেন।
অগ্রাধিকারগুলো হলো—ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধশিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় ১৬০টি দেশে রফতানি হচ্ছে। চীনের বাজারে বাংলাদেশি ওষুধের প্রবেশ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।
তিনি আরও বলেন, রোগ নির্ণয়, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পাশাপাশি অনকোলজি, প্রিসিশন মেডিসিন, রোবোটিক সার্জারি ও দূরবর্তী রোগী পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির বড় সম্ভাবনা রয়েছে।
প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ায় পুনর্বাসন সেবা, সহায়ক প্রযুক্তি, জেরিয়াট্রিক সেবা ও প্রবীণবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
এ ছাড়া টিকা গবেষণা, উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থিতিশীল সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে দেশগুলোর যৌথ উদ্যোগের আহ্বান জানান তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, এশিয়ার স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতা, উদ্ভাবন এবং যৌথ দায়িত্ব পালনের ওপর অনেকটাই নির্ভর করবে।
সম্মেলনে চীন, লাওস, মিশর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।





















