ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নিতে চান ট্রাম্প
- আপডেট সময় ১১:১৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 31
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষে দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার বিষয়টি বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে বের হয়ে আসবে। তবে সেখানে সেনা রেখে তেলের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি ভিন্ন হবে।
চলতি বছরের মধ্যেই ইরানের যুদ্ধ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ইরান শান্তি আলোচনার জন্য নিয়মিত যোগাযোগ করছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে তেহরান এর আগে এমন দাবি অস্বীকার করেছে। ট্রাম্প বলেন, তিনি কেবল একটি ‘সঠিক চুক্তি’ চান, কোনো খারাপ চুক্তিতে সম্মত হবেন না।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার খবরের পর সোমবার তেলের দামও বেড়েছে।
তবে ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম দ্রুত কমে যাবে। ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, সেখান থেকে পাওয়া রাজস্ব দিয়ে যুদ্ধের খরচ বহুবার উঠে গেছে।






















