ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৫
- আপডেট সময় ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 24
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের কাছে ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্টগার্ড।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগার সময় সেটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন।
অগ্নিকাণ্ডের পর ফেরিটির আগুনে পুড়ে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব দৃশ্যে ফেরিটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়।
ফিলিপাইনের কোস্টগার্ড ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ফেরির ক্রু। কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে অনেক যাত্রী সাগরে ঝাঁপ দেন।
নিখোঁজ ৮৭ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।


























