অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে করা যাবে কল
- আপডেট সময় ০১:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26
অ্যাকাউন্ট না থাকলেও হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলে অংশ নেওয়ার সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার চালু হলে ফোনে অ্যাপ ইনস্টল বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও শুধু একটি ওয়েব লিংকের মাধ্যমে কলে যুক্ত হওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে অ্যাকাউন্ট ছাড়া হোয়াটসঅ্যাপে টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। একই ধারণার ভিত্তিতে নতুন কল-সুবিধা তৈরি করা হচ্ছে। এর ফলে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিরাও অডিও কিংবা ভিডিও কলে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ফিচারটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে প্রথমে একটি কল লিংক তৈরি করতে হবে। এরপর কলের ধরন নির্বাচন করে লিংকটি বার্তা, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো যাবে।
প্রাপক ওই লিংকে ক্লিক করলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কল ইন্টারফেস চালু হবে। সেখান থেকেই তিনি কলে যুক্ত হতে পারবেন। অর্থাৎ, কলটিতে অংশ নিতে আলাদাভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।
কল চলাকালীন লিংক তৈরি করা ব্যক্তি নতুন অংশগ্রহণকারী যুক্ত করতে পারবেন। প্রয়োজনে কোনো অংশগ্রহণকারীকে কল থেকে সরিয়েও দেওয়া যাবে। একই সঙ্গে প্রয়োজন হলে সব অংশগ্রহণকারীর জন্য কল বন্ধ করার সুবিধাও থাকবে।
অ্যাকাউন্ট ছাড়া অতিথি হিসেবে কলে যুক্ত হওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এতে কলের কথোপকথনের নিরাপত্তা বজায় থাকবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করতে হলে কলদাতা ও গ্রহীতা—উভয়েরই অ্যাপ এবং অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। ফলে বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সম্ভাব্য গ্রাহকদের সরাসরি হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখে পড়ে।
নতুন সুবিধা চালু হলে সেই সীমাবদ্ধতা অনেকটাই কমে আসতে পারে। জুম বা গুগল মিটের মতো একটি লিংকে ক্লিক করেই কলে যোগ দেওয়া সম্ভব হবে। এতে অ্যাকাউন্টবিহীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হওয়ার সুযোগ তৈরি হবে।
তবে ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি প্রকাশ করেনি।
সূত্র: নিউজ১৮

























