ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০৪:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 7
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আয়োজিত একটি বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো জরুরি। এ প্রসঙ্গে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরির ওপর জোর দেন তিনি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যদেরও যুক্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তার ভাষ্যমতে, এসব সংগঠনের মাধ্যমে স্থানীয়ভাবে মানুষকে সংযুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
আলোচনায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা এবং রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়ে আলোচনা হয়, যাতে আক্রান্ত রোগীর মাধ্যমে মশাবাহিত সংক্রমণ অন্যদের মধ্যে না ছড়ায়।
সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে এসবের প্রতিফলন দৃশ্যমান হতে হবে। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক পদক্ষেপকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। একইসঙ্গে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানোরও তাগিদ দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















