কক্সবাজারের হোটেল থেকে প্রায় দুই হাজার আইফোনসহ ছয় বিদেশি নাগরিক আটক
- আপডেট সময় ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 29
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, বেশ কয়েকটি ল্যাপটপ ও বিভিন্ন যোগাযোগ যন্ত্রপাতিসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে আটক করা হয়েছে। অনলাইন কেন্দ্রিক প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের সী-প্যালেস হোটেলে এই অভিযান চালানো হয়। এর পরদিন ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তাদের কক্সবাজারের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তাইওয়ানের নাগরিক ওয়েই চিং ওয়েন এবং চীনের পাঁচ নাগরিক—জু ইয়াংফান, ইয়ান চ্যাংচেং, জু হাইয়াং, উ জিয়ান জিওন ও জাং জেমিং।
কক্সবাজার পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ) মো. অহিদুর রহমান জানান, রামু থানায় রুজু হওয়া একটি অভিযোগ এবং ঢাকা থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ছয় বিদেশি নাগরিককে ধরতে সক্ষম হয়েছে পুলিশ।
অভিযানে তাদের হেফাজত থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টির মতো ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ধরনের কিছু যোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে।
অহিদুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং প্রাথমিক তদন্তে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সংশ্লিষ্টতার আলামত মিলেছে। তবে বিস্তারিত তথ্য তদন্ত এগোলে পরিষ্কার হবে বলে জানান তিনি।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিগত কয়েক মাস ধরে আনুমানিক ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন দুটি হোটেলে ভাড়া থেকে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা চক্র পরিচালনার অভিযোগ উঠেছে।
নাম গোপন রাখার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে এত সংখ্যক বিদেশি নাগরিকের এই ঘটনায় জড়িত থাকা এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সী-প্যালেস হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল তাদের হোটেলে ওঠেন এবং বৃহস্পতিবার রাতের অভিযানে তাদের কয়েকজনকে আটক করা হয়। তবে তাদের কক্সবাজার সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।























