ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় ১০:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 3
নরসিংদীর মাধবদীতে পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে এইচএসসি (আলিম) পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে মো. নাসির উদ্দিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
অভিযুক্ত মো. নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পরীক্ষক নাসির উদ্দিন নিজে আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে খাতা দেখাচ্ছেন।
ভিডিওটি সংশ্লিষ্টদের নজরে আসার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলাটি করা হয়েছে।
এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও পুলিশের কাছে রয়েছে। ভিডিওটি যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























