চীনের নিরাপত্তা কাঠামোয় ইরানের সায়
- আপডেট সময় ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 20
মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে চীনের আহ্বানকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সাধারণ নিরাপত্তার ওপর চীনের গুরুত্বারোপ ইরান দীর্ঘদিন ধরে যে নীতির কথা বলে আসছে, তারই প্রতিফলন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নেওয়া উচিত। একই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে বহিরাগত শক্তির ওপর নির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
গালিবাফের ভাষ্য, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রয়োজন, যা স্থানীয় দেশগুলোর নেতৃত্বে পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগে সমর্থন দিতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা এবং নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে বিবেচনার আহ্বান জানানোর পর ইরানের পার্লামেন্টের স্পিকার এ মন্তব্য করলেন।
ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে। ওই কাঠামোয় নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে দেশটি।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে চীন।
গালিবাফের সর্বশেষ বক্তব্যে মধ্যপ্রাচ্য নিয়ে চীন ও ইরানের আঞ্চলিক নীতিতে সমন্বয়ের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টদের মত।





















