মোবাইল ব্যাংকিংয়ে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
- আপডেট সময় ১০:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 18
জরুরি সময়ে মোবাইল রিচার্জ, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত ব্যবস্থায় ৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে এবং তা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত খসড়া নীতিমালা অনুযায়ী, নগদবিহীন অর্থনীতির বিকাশ এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সর্বসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের জন্য খসড়াটি প্রকাশ করা হয়েছে।
মতামত ও পরামর্শ পর্যালোচনার পর বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা জারি করবে।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, ডিজিটাল এই ঋণের ওপর কোনো সুদ নেওয়া যাবে না। তবে ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠান নির্ধারিত হারে সার্ভিস ফি নিতে পারবে।
নীতিমালা অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের জন্য সর্বোচ্চ ৫ টাকা এবং ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে ১০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে। ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণে ১৫ টাকা এবং ১ হাজার ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২ হাজার ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ টাকা এবং ৩ হাজার ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, অনুমোদিত সার্ভিস ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের সুদ, জরিমানা, প্রসেসিং ফি বা অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
নির্ধারিত ৩০ দিনের আগেই কোনো গ্রাহক ঋণ পরিশোধ করলে আগাম সমন্বয় বা আর্লি সেটেলমেন্টের জন্যও অতিরিক্ত কোনো ফি নেওয়া যাবে না বলে খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় ঋণ নেওয়া ও পরিশোধের পুরো প্রক্রিয়াই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কাগজের নথিপত্রে স্বাক্ষরের প্রয়োজন হবে না।
ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকের সম্মতি নেওয়া এবং বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ব্যাংকগুলো ঋণ অনুমোদন করবে। তবে পুরো ব্যবস্থাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

























