হরমুজ প্রণালির সংকটে ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ
- আপডেট সময় ০৭:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 16
হরমুজ প্রণালিতে চলমান অবরুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের তেল রপ্তানি ৭৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর। শনিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তেলমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। যুদ্ধের আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। ভবিষ্যতে রপ্তানির পথ বহুমুখী করতে কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে বাসেম মোহাম্মদ খুদাইর জানান, ইরাকে বর্তমানে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে। এর মধ্যে মাত্র ১৫ থেকে ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে।
হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেল রপ্তানির অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে এখনো এ বিষয়ে কার্যকর কোনো সমাধান হয়নি।
এদিকে ইরাকে তেল কোম্পানিগুলোর ওপর যেকোনো ধরনের হামলার বিরোধিতা করেছেন দেশটির তেলমন্ত্রী। কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।
সূত্র: আল-জাজিরা























