সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- আপডেট সময় ০৩:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 19
সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর লাইনটি সচল করতে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনটি পুনরায় সচল করার কাজ শুরু হবে।





















