কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রী উদ্ধার
- আপডেট সময় ০৯:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 35
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার পর জানালার কাচ ভেঙে প্রায় ২৫ থেকে ৩০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীদের দ্রুত বাস থেকে বের করে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। একই সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বাসে থাকা এক যাত্রী জানান, তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তার আসন ছিল এইচ-১। ঢাকার উদ্দেশে বাসটি ছাড়ার পর প্রথমে পোড়া গন্ধ পান তারা। পরে বাসের ভেতরে আগুন দেখতে পেলেও চালক বা হেল্পারের পক্ষ থেকে বিষয়টি যাত্রীদের জানানো হয়নি বলে তিনি দাবি করেন।
ওই যাত্রীর ভাষ্য, পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে তাদের বের করে আনেন।
আরেক যাত্রী জানান, তাদের পরিবারের সাতজন সদস্য কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে তাদের বের করে আনায় তারা রক্ষা পান বলে জানান তিনি।
ওই যাত্রী আরও দাবি করেন, আগুন লাগার পর তিনি বাসের ভেতরে চালক ও হেল্পারকে দেখতে পাননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বাসটির চালক ও হেল্পার আগুন লাগার পর সেখান থেকে চলে গেছেন বলে যাত্রীদের অভিযোগ। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আগুন লাগার ঘটনায় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।


























