মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা
- আপডেট সময় ০৩:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 19
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটসংলগ্ন এলাকায় বোমা সদৃশ বস্তু রয়েছে—এমন সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে সেখানে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া যায়। কোনো ধরনের বিস্ফোরক বা বোমা উদ্ধার হয়নি।
শনিবার (১ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটলে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।
পুলিশ জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানার আওতাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে বিষয়টি মিরপুর মডেল থানা পুলিশকে জানানো হলে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
দুপুর ১টা ৫ মিনিটে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে। তল্লাশির সময় ব্যাগের ভেতরে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া যায়। কোনো ধরনের বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, সন্দেহজনক ব্যাগে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কোনো বিস্ফোরক বা বোমা জাতীয় বস্তু উদ্ধার হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ঘটনার সময় মিরপুর মডেল থানা পুলিশ, এনএসআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। বস্তুটির প্রকৃতি নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।






















