ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার
- আপডেট সময় ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 11
ঝিনাইদহের শৈলকুপায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে পুলিশের পোশাক ও ওয়াকিটকিসহ একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের রিয়াজ বিশ্বাস (২৭), বারুইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্লা (৩২), কাঠাবাগান গ্রামের আশিক জোয়ার্দার (২৪), কুলচারা গ্রামের তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জান্নাতুল ফেরদৌস (২০)।
অভিযানকালে আসামিদের কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত পোশাক, ডিবি ও পুলিশের লোগো সম্বলিত জ্যাকেট, টি-শার্ট, ক্যাপ, বেল্ট এবং দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




















