যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন সংশোধিত প্রস্তাব পাঠালো ইরান
- আপডেট সময় ০৭:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 7
যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের হাতে এই প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন ইরানি কূটনীতিক।
কাতারের সংবাদমাধ্যম আলজাজিরাকে শুক্রবার (১ মে) ওই কূটনীতিক জানান, গতকাল প্রস্তাবটি পাকিস্তানের কাছে পাঠানো হয়েছে। ইরানের এই নতুন প্রস্তাবের জন্য অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে তেহরানের দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছিল।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্বের প্রস্তাবে আগে যুদ্ধ বন্ধ এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প যুদ্ধাবস্থা চলার মধ্যেই পারমাণবিক চুক্তি করতে আগ্রহী। যদিও নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কী ধরনের শর্ত বা প্রস্তাব দিয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যৌথ হামলার পর টানা ৪০ দিন ধরে সংঘাত চলে। এতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো বহাল রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে পুনরায় হুমকি দেওয়া হয়েছে যে, এই আলোচনা সফল না হলে ইরানে আবারও হামলা চালানো হবে।
সূত্র: আলজাজিরা


















