মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- আপডেট সময় ০৬:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 7
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অধিদপ্তরের বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষয়ক্ষতির ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনকে ৩ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
মন্ত্রী অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্যও সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















