মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় ০৪:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 122
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে বাহরাইন, কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ১৫টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের কনস্যুলার অ্যাফেয়ার্সের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
নিরাপত্তা সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিম তীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। মূলত গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের নিহতের পর থেকেই এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ইতোমধ্যে ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। বিশেষ করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনার কাছাকাছি লক্ষ্যবস্তুতে ইরানি হামলায় বিদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জীবন বাঁচাতে এবং সম্ভাব্য অপহরণ বা সরাসরি আক্রমণ থেকে রক্ষা পেতে এখনই ওই দেশগুলো ছাড়ার জোর তাগিদ দিয়েছে ওয়াশিংটন।
সূত্রমতে, মার্কিন পররাষ্ট্র দফতর এই দেশগুলোকে বর্তমানে ভ্রমনের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। যেসব নাগরিক এখনই দেশ ত্যাগ করতে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান এবং স্থানীয় দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।






















