বিজয়-রাশমিকার বিয়ে আজ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 36
ভারতের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে আজ
আজ ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এই হাই-প্রোফাইল বিয়েকে ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।
এদিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজয়-রাশমিকার বিশেষ এই মুহূর্তে ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বিজয়-রাশমিকার বিয়ে উপলক্ষে দুই পরিবারকে অভিনন্দন ও নবদম্পতির জন্য আশীর্বাদ জানানো হয়েছে।
বিজয়-রাশমিকার বিয়ের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নবদম্পতির জন্য ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ জীবনের প্রত্যাশা করেছেন। তিনি এই নতুন শুরুকে তাদের জীবনের এক সুন্দর অধ্যায় হিসেবে অভিহিত করেন।
তারকা জুটির ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা প্রকাশের পর ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। এই বিশেষ বার্তাটি বিয়ের উৎসবে যোগ করেছে এক নতুন মাত্রা।
খোলা আকাশের নিচে গোলাপের পাপড়ি আর কাঠের প্যানেলে সাজানো স্নিগ্ধ এক পরিবেশে সম্পন্ন হলো বিজয়-রাশমিকার গায়ে হলুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে ফুটে উঠেছে এই নান্দনিক আয়োজনের দৃশ্য।
মঞ্চের ঠিক মাঝখানে রাখা ছিল দুটি ছিমছাম পিঁড়ি, যেখানে বসার কথা বর-কনের। চারদিকে ঝুড়িভর্তি হলুদ ও কমলা গাঁদা ফুলের সমারোহ পুরো পরিবেশকে এক বর্ণিল ও উৎসবমুখর রূপ দান করেছে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফুলের কারুকাজে তৈরি নামফলক, যেখানে কনের ডাকনাম ও বরের নাম খোদাই করা ছিল, যা অনুষ্ঠানে এক অনন্য ব্যক্তিগত ছোঁয়া যোগ করেছে।
রাশমিকার শেয়ার করা গায়ে হলুদের নতুন ঝলকে ফুটে উঠেছে এক মায়াবী রূপ। সোনালি সূর্যাস্তের নরম আলোয় ধোয়া অনুষ্ঠানস্থলে ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয় দেখা গেছে। চারদিকে হলুদ রঙের প্রাধান্য, চোখজুড়ানো ফুলেল সাজসজ্জা এবং স্নিগ্ধ উষ্ণ আলো পুরো আয়োজনকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়েতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ঘিরে তৈরি করা হয়েছে তিন স্তরের একটি শক্তিশালী নিরাপত্তা বলয়। স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি হায়দরাবাদ থেকে আসা একটি বিশেষ নিরাপত্তা দল এবং আন্তর্জাতিক মানের প্রাইভেট সিকিউরিটি টিম পুরো এলাকা নজরদারিতে রাখছে। আয়োজক সূত্রে জানা গেছে, ভিড় এড়াতে অতিথিদের তালিকা রাখা হয়েছে খুবই সীমিত। কেবল পরিবারের সদস্য ও চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই রাজকীয় বিয়ে।

























