হবিগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রাণ গেল বাবা-ছেলের
- আপডেট সময় ১০:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 133
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০) নামের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং বাবা-ছেলে দুজনেই গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর পরই আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।





















